আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, উপমহাদেশজুড়ে বিস্তৃত বৃষ্টিবলয়ের কারণে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং এর প্রভাব শনিবারও থাকতে পারে।
আজ রাত পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিবাগত মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকতে পারে, তবে বিকেলে আবার বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, শুক্রবারের তুলনায় শনিবার দেশে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে।
আজ সকাল ১১টার পর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয় এবং রাত ১০:৩০ টার সময়ও আকাশ মেঘলা ছিল। ঢাকায় আজ ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যখন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাদারীপুরে, ৩৩ মিলিমিটার। আজ দেশের প্রায় সব বিভাগে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে শনিবার অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে। তবে বজলুর রশিদ জানান, উপকূলীয় অঞ্চলেও বৃষ্টি হতে পারে।


