তিন দিনেই বক্স অফিস কাঁপিয়ে রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর ২’

March 22, 2026

prothomupdate

তিন দিনেই বক্স অফিস কাঁপিয়ে রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর ২’

বলিউডের বক্স অফিসে নতুন এক ইতিহাস রচনা করেছে বহুল আলোচিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’। পরিচালক আদিত্য ধরের নির্মাণে এবং রণবীর সিংয়ের দুর্দান্ত অভিনয়ে তৈরি এই সিনেমাটি মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৫০০ কোটিরও বেশি, যা সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্রে এক বিরল সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ছবিটি ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মুক্তির আগেই এর জনপ্রিয়তার ইঙ্গিত পাওয়া যায় পেইড প্রিভিউ থেকেই। আগাম প্রদর্শনীতে প্রায় ৭৫ কোটি রুপি আয় করে ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মুক্তির প্রথম দিনেই ‘ধুরন্ধর ২’ ঝড় তোলে বক্স অফিসে, আয় করে প্রায় ১৬৫ কোটি রুপি—যা বছরের অন্যতম বড় ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্বিতীয় দিনে আয়ের গতি কিছুটা কমলেও তৃতীয় দিনে আবারও চমক দেখায় সিনেমাটি। বিশেষ করে শনিবার একদিনেই ভারতে ১১৩ কোটি রুপি আয় করে এটি হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়ে। তিন দিনের হিসাবে ভারতের বাজারে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ কোটি রুপি, আর গ্রস হিসেবে তা ৪০০ কোটিরও বেশি।

শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও দারুণ সাফল্য পাচ্ছে ‘ধুরন্ধর ২’। বিদেশের বাজারে ইতোমধ্যেই প্রায় ১৬ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫০১ কোটি রুপি, যা সিনেমাটিকে দ্রুত সময়ের মধ্যে সবচেয়ে সফল ছবিগুলোর কাতারে নিয়ে গেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সপ্তাহান্তে এই আয়ের ধারা আরও জোরালো হতে পারে। তারা ধারণা করছেন, খুব শিগগিরই এক দিনে ১৩০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে ছবিটি। এমনকি প্রথম সপ্তাহান্তেই ৭০০ কোটির ঘরে পৌঁছানোও এখন আর অবাস্তব মনে হচ্ছে না।

এদিকে, মুক্তির অল্প সময়ের মধ্যেই ‘ধুরন্ধর ২’ ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমা অর্জন করেছে। এর মাধ্যমে এটি ছাড়িয়ে গেছে ‘বর্ডার ২’-এর প্রায় ৪৭০ কোটির আয়। পাশাপাশি ‘ওয়ার’ এবং ‘টাইগার থ্রি’-এর মতো সুপারহিট ছবিগুলোকেও পেছনে ফেলেছে। এমনকি শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’-এর মোট আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমা।

ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন আর. মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদীর মতো তারকারা। তাদের সম্মিলিত পারফরম্যান্স ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘ধুরন্ধর’ সিরিজের প্রথম ছবিটিও বিশ্বব্যাপী প্রায় ১,৩০০ কোটি রুপি আয় করে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় ‘ধুরন্ধর ২’ আরও বড় সাফল্যের দিকে এগোচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায়, এটি যে আরও বহু রেকর্ড ভাঙবে—এমনটাই প্রত্যাশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

সোর্স: সমকাল

Leave a Comment